সন্দ্বীপ রুটে ওয়াটার বাস চালুর উদ্যোগ বিআইডব্লিউটিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, ১৫ সেপ্টেম্বর ২০২৬, সময়: ৬: ০২ পি.এম
সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের নৌযাতায়াতের সমস্যা সমাধানে বাঁশবাড়িয়া ঘাটের অবকাঠামোগত উন্নয়ন এবং নৌযান বৃদ্ধি নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর অংশ হিসেবে সন্দ্বীপ নৌরুটে ৫০ আসনের দ্রুতগতির ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে সরাসরি সন্দ্বীপ যাতায়াতের গুরুত্বপূর্ণ ঘাট সীতাকুন্ডের বাশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী। এ সময় তিনি ঘাটের অবকাঠামো, ফেরি ও জাহাজ চলাচল এবং যাত্রী ওঠানামার বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।
ঘাট পরিদর্শন শেষে ফেরি কপোতাক্ষের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় চেয়ারম্যান বলেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নিরাপদ নৌযাতায়াতের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য মন্ত্রণালয় তাকে পাঠিয়েছে।তিনি জানান, অতি দ্রুত এ নৌরুটে আরও একটি ফেরি এবং সি-ট্রাক এসটি নিঝুম দ্বীপ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিসির।
এ ছাড়া সন্দ্বীপের যাত্রীদের কথা বিবেচনা করে ৫০ আসনের দ্রুতগতির ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামানকে সন্দ্বীপ নৌরুটে ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশ দেন চেয়ারম্যান।ঘাটের হাই ওয়াটার ও মিড ওয়াটার পয়েন্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে কথা বলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান।
এদিকে, হাই ওয়াটার ঘাট কবে নাগাদ চালু হবে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের যুগ্ম পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ঘাটটির নির্মাণকাজ ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড সম্পন্ন করেছে। বর্তমানে রাবার ফেন্ডার লাগানোর কাজ বাকি রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ কাজ সম্পন্ন করা হলে দ্রুত ঘাটটি উদ্বোধন করা সম্ভব হবে।
সন্দ্বীপের সংসদ সদস্যের পক্ষে ঘাট পরিদর্শনে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কাশেম মাস্টার। তিনি বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে বলেন, “সন্দ্বীপবাসীর নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করাই সংসদ সদস্যের প্রত্যাশা। যে কোনোভাবে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সমন্বয়ে সন্দ্বীপের নৌযাত্রা নিরাপদ করতে হবে।”
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেরির প্রধান মাষ্টার সাইফুল ইসলাম সহ ফেরির অন্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ফোরকান উদ্দিন রিজবি, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ওমর ফয়সাল, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মামুন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ সন্দ্বীপের বিভিন্ন পেশাজীবি।

