সন্দ্বীপে মাদক নির্মূলে জিরো টলারেন্স চান এমপি কামাল পাশা
চট্টগ্রাম জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় ঈদে নিরাপদ যাত্রী পারাপারের প্রস্তুতিরও আহ্বান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ৮ মার্চ ২০২৬ ,সময়ঃ ৩:৪১ পি.এম
চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা তাঁর বক্তব্যে বলেন, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আসন্ন ঈদ মৌসুমে যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
মাদকের প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সন্দ্বীপ থেকে মাদক নির্মূল করা জরুরি। এ লক্ষ্যে দ্রুত সন্দ্বীপে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কঠোর অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি সন্দ্বীপে শিক্ষা ও চিকিৎসা খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন।

