ক্যান্সার আক্রান্ত শিশু মাহিরের চিকিৎসায় ১১ লাখ টাকার সহায়তা প্রদান
নিয়াজ মাহামুদ, ৭ জুন ২০২৬,সময় : ১০:৪৭ পি.এম
সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ক্যান্সার আক্রান্ত শিশু মাহিরের চিকিৎসার জন্য ১১ লাখ টাকার আর্থিক সহায়তা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবিক সংগঠন অসহায়ে চক্ষু মেলো পরিবার ও এক্স ক্রিকেটারস এসোসিয়েশন অব সন্দ্বীপ যৌথভাবে এই অর্থ সংগ্রহ করে।
শুক্রবার (৬ জুন) অসহায়ে চক্ষু মেলো পরিবারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাহিরের পরিবারের হাতে ১১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন মাহিরের দাদা রবিউল আলম।
অসহায়ে চক্ষু মেলো পরিবারের কার্যনির্বাহী সদস্য কাউসার মনির জানান, গাছুয়া ঘাট মাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর থেকে তার চিকিৎসা চলমান রয়েছে।
তিনি আরও জানান, মাহিরের অসুস্থতার খবর স্থানীয় তরুণদের নজরে এলে তার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেয় অসহায়ে চক্ষু মেলো পরিবার ও এক্স ক্রিকেটারস এসোসিয়েশন অব সন্দ্বীপ । পরে প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ১১ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাহিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসায় সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

