বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী তারেকের জানাজা সম্পন্ন

বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী তারেকের জানাজা সম্পন্ন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি এস এম তারেকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আজ শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায়।

চট্টগ্রাম বৌ বাজার এলাকার ফজুমিয়া কন্ট্রাকটর জামে মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

গত ২ মার্চ বাহরাইনের রাজধানী মানামার কাছাকাছি একটি শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তারেক। ওই ঘটনায় আরও দুই বাংলাদেশি প্রবাসী আহত হন। নিহত তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা সাইদুল হকের ছেলে। তারেকের পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছেন। তার মেয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়েন।

চট্টগ্রামে জানাজার নামাজে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার, স্থানীয় বাসিন্দা ও সন্দ্বীপের নিকটতম আত্মীয়স্বজনসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দেশটির রাজধানী মানামার কানু মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার অংশ নেন।

দীর্ঘ এক মাসের অপেক্ষা ও নানা কূটনৈতিক প্রক্রিয়া শেষে শুক্রবার (৩ এপ্রিল) গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পৌঁছায় সন্ধ্যা ৭টায়।এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে তারেকের মরদেহ গ্রহণ করেন। মরদেহ শুক্রবার দিবাগত রাত প্রায় ২টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। তখন পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

জানাজায় উপস্থিত হয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, তারেকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, নিহতের কন্যার অনার্স ও মাস্টার্সের শিক্ষা ব্যয় বহন করবেন মর্মে পরিবারকে একটি অঙ্গীকারপত্র প্রদান করেন তিনি।

এ ছাড়া সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে প্রতিনিধি আবুল কাশেম উপস্থিত হয়ে শোকবার্তা প্রদান করেন।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *