সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী ছেনী বাবলু অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার
চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের শফি মেম্বারের ছেলে মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫) এবং তার সহযোগী একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. জুয়েল রানা (৩৬)। পুলিশ জানিয়েছে, ছেনী বাবলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম যোগদানের পর জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনার আলোকে বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসবিরোধী ও অপরাধ দমনমূলক অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রহমতপুরের সূচনা কলোনি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছেনী বাবলুকে গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী মো. জুয়েল রানাকেও আটক করা হয়।

পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, একটি ছেনি, একটি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ টাকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

