কুয়েতে ৫০ ডিগ্রি তাপমাত্রা! দিনে ৫ ঘণ্টা কাজ বন্ধ রাখতে নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের

কুয়েতে ৫০ ডিগ্রি তাপমাত্রা! দিনে ৫ ঘণ্টা কাজ বন্ধ রাখতে নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের

জিসান মাহমুদ, কুয়েত প্রতিনিধি, ৮ জুন ২০২৬, সময়: ১০: ১৭ পি.এম

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হয়েছে তীব্র গ্রীষ্মকাল। প্রতিদিনই তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কোথাও কোথাও তা আরও বেশি রেকর্ড করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির সরকার আগের মতোই উন্মুক্ত স্থানে কাজের ওপর পাঁচ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকে। এ সময় প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা আকাশের নিচে বা সরাসরি সূর্যের তাপে শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ। নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ এবং অন্যান্য বহিরাঙ্গন খাতে কর্মরত শ্রমিকদের জন্য এ নির্দেশনা বাধ্যতামূলক। এছাড়া এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকে।

কুয়েতের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রচণ্ড তাপদাহের কারণে শ্রমিকদের হিট স্ট্রোক, পানিশূন্যতা, শারীরিক দুর্বলতা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে শ্রমিকদের দিয়ে কাজ করালে সংশ্লিষ্ট কোম্পানি ও নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, প্রশাসনিক ব্যবস্থা এবং শ্রম আইন অনুযায়ী অন্যান্য শাস্তি। শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক দল বিভিন্ন কর্মস্থলে অভিযান চালিয়ে নিয়ম বাস্তবায়ন তদারকি করছে।

কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাদের একটি বড় অংশ নির্মাণ, সেবা ও বিভিন্ন শ্রমনির্ভর খাতে কর্মরত। ফলে উন্মুক্ত স্থানে কাজের ওপর এই নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিকও।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কাজ করা শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর এবং অনেক ক্ষেত্রে জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই কর্মঘণ্টার এই সীমাবদ্ধতা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে উষ্ণ দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম। গ্রীষ্মকালে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। শ্রমিকদের সুরক্ষার লক্ষ্যে ২০১৫ সাল থেকে দেশটি নিয়মিতভাবে গ্রীষ্মকালীন এই কর্মবিরতি আইন কার্যকর করে আসছে। শ্রম অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কুয়েতের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।

tvsandwip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *