নিজস্ব প্রতিবেদক, ৭ জুন ২০২৬, ৭: ১০ পি.এম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত এলাকায় অবস্থিত মারকাজুল নুর আল ইসলামিয়া মাদ্রাসার এক প্রথম শ্রেণির ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আল-আমিন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আল-আমিন সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডিল্লার গো বাড়ির মো. ছানাউল্লাহর ছেলে। তিনি উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মাদ্রাসায় যেতে বললে শিশুটি অনীহা প্রকাশ করে। পরবর্তীতে তাকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হলে সে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গত ৮ মে আছরের নামাজের পর প্রধান শিক্ষক তাকে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করেন। এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটেছে বলে সে জানায়। অভিযুক্ত শিক্ষক বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনা জানার পর শিশুটির মা তাৎক্ষণিকভাবে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং পরবর্তীতে সন্দ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার (৬ জুন) সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা রেকর্ড করা হয় (মামলা নং-০৪)। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
