Site icon Sandwip Tv

সন্দ্বীপের কৃতি সন্তান সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান শিক্ষকতা পেশায় যোগ দিলেন

শিক্ষকতা পেশায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, “হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।” আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।
তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতাম।
ফাওজুল কবির খান লেখেন, আমার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের “সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস” পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
মুহাম্মদ ফাওজুল কবির খান একজন সুপরিচিত অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সাবেক সচিব। তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন।
তিনি ১৬ আগস্ট, ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান (ইডকল)-এর প্রথম পূর্ণকালীন সিইও হিসেবে ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব নিয়ে তিনি এর ভিত গড়েন। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন।
এছাড়া তিনি ইউনিভার্সিটি অভ্ ম্যাসাচুসেটস অ্যাট বোস্টন, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পার্ট-টাইম ও ফুলটাইম ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করেছেন।
তাঁর লেখা (সহলেখক বব পারা) বই ‘ফাইন্যান্সিং লার্জ প্রজেক্ট’ পিয়ারসন কর্তৃক প্রকাশিত ও চীনা ভাষায় অনূদিত হয়েছে।
তাঁর দ্বিতীয় বই ‘উইন-হাউ পাবলিক এন্ট্রাপ্রেনিউরশিপ ক্যান ট্রান্সফর্ম দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড’ ফরাসি ও পর্তুগিজ ভাষায় অনূদিত হচ্ছে। তিনি দুস্থ প্রবীণদের বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান শৈলান প্রবীণ নিবাসের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।
মুহাম্মদ ফাওজুল কবির খানের বাড়ি সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নে। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর ছিলেন।
Exit mobile version